আগামীকাল রবিবার বাংলাদেশের জন্য তিন লাখ মাস্ক পাঠাচ্ছে কোভিড-১৯ মোকাবিলায় চীনের অনলাইন বিপণন প্রতিষ্ঠান আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশন ।

শনিবার ঢাকাস্থ চীনের দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

চীন দূতাবাস জানাচ্ছে, জ্যাক মা’র দেয়া তিন লাখ মাস্ক আগামীকাল বেলা ২টা ৩০ এ ঢাকায় পৌঁছবে। চালানের প্রস্তুতি চলছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, টেস্ট কিট ও নিরাপত্তা পোশাক (পিপিই) অনুদান দেয়ার ঘোষণা দেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার করোনাভাইরাস পরীক্ষার জন্য চীন থেকে ৩০ হাজার কিট এসেছে। গতকাল চীনা দূতাবাস স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কাছে এই কিট হস্তান্তর করে।

এর আগে বৃহস্পতিবার বিকালে চীন সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস শনাক্তের জন্য ১০ হাজার কিট, ১০ হাজার পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও এক হাজার থার্মোমিটার ঢাকায় আসে। বিশেষ বিমানে আসা এসব সরঞ্জামের বক্সের গায়ে লেখা ছিল ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে।’

গত বছরের ডিসেম্বরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হলেও অচেনা ভাইরাসটি সেখানে ভয়াবহ আকার ধারণ করে ফেব্রুয়ারিতে। চীনে ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাস মোকাবিলায় চীনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে ১০ লাখ হাতমোজা, পাঁচ লাখ মাস্ক, এক লাখ ৫০ হাজার ক্যাপ, এক লাখ হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার জুতার কাভার ও আট হাজার গাউন উপহার দেয় বাংলাদেশ।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930