সাংবাদিক আরিফুল ইসলামকে গভীর রাতে ঘর  থেকে তুলে এনে  মোবাইল কোর্টে কারাদণ্ড দেওয়ার ঘটনাকেই বেআইনি বলে আখ্যায়িত করেছে ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কুড়িগ্রামে । আজ এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে যে, আইনের এমন যথেচ্ছ অপপ্রয়োগ আইনের শাসনের সাংবিধানিক অঙ্গীকারের পরিপন্থি এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রতি বৃদ্ধাঙ্গলি দেখানোর নামান্তর। এমন ন্যক্কারজনক ঘটনায় দ্রুত তদন্ত এবং জড়িতদের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে প্রশাসন তথা সরকারের ওপরই জনগণ আস্থা হারিয়ে ফেলবে বলেও মন্তব্য করা হয় টিআইবির বিবৃতিতে।

গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদের সূত্র ধরে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সুনির্দিষ্ট আইন আছে, সর্বোচ্চ আদালতের নির্দেশনা আছে। সে অনুযায়ী রাতের বেলা কোনো নাগরিককে ঘর থেকে তুলে এনে মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালনা করাটা অবৈধ। যে সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়েছে, তিনি যদি সন্দেহের তালিকায় থাকতেন, তাহলে তাকে নজরদারিতে রাখা যে, কিংবা ‘অপরাধের গুরুত্ব বিবেচনায়’ পুলিশ অভিযান চালাতে পারত। আরো গুরুতর মনে হলে ম্যাজিস্ট্রেট তার বাসা সিলগালা করে দিয়ে আসতে পারতেন। কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মধ্যরাতে ‘দরজা ভেঙ্গে’ একজন নাগরিককে তুলে আনা এবং পরে মোবাইল কোর্ট বসিয়ে কারাদণ্ড দেয়াটা অবশ্যই প্রশ্নবিদ্ধ।

আমরা যতটুকু বুঝি, তাতে মোবাইল কোর্টের ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা, কিন্তু তা না করে ঐ সাংবাদিককে তুলে আনার পর কোর্ট এর কার্যক্রম পরিচালনা থেকে পুরো ঘটনাটির পিছনেই যে অপরাধ দমন নয় বরং অন্য কোনো বিবেচনা কাজ করেছে তা স্পষ্ট।

তিনি আরো বলেন, এরই মধ্যে কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিকের স্ত্রী অভিযোগ করেছেন যে তার স্বামীকে ‘আটক করার পর নগ্ন করে অমানুষিক নির্যাতন করা হয়েছে’। এই অভিযোগের সত্যতা থাকলে, তা কেবল আইনের অপব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নেই বরং যে বা যারা এই ঘটনায় জড়িত, তারা সরাসরি  ফৌজদারি অপরাধ করেছে। সুতরাং আমরা দাবি করছি যে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় গঠিত তদন্ত কমিটি দ্রুত একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য প্রতিবেদন দেবেন, এবং এমন জবাবদিহিমূলক পদক্ষেপ গৃহীত হবে যার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে না।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে যে, আরিফুল ইসলাম জেলা প্রশাসক ও তার নেতৃত্বে জেলা প্রশাসনের ‘নানা স্বেচ্ছাচারিতা ও অনিয়মের’ বিষয়ে প্রতিবেদন করে আসছিলেন। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন করার জন্যই যদি তাকে এমন বেআইনিভাবে তুলে এনে বিচার করা হয়ে থাকে, তবে সেটা দেশের জন্য এক অশনি সংকেত। কারণ  সেক্ষেত্রে এই পুরো ঘটনা প্রবাহকে বিবেচনা করতে হবে গণমাধ্যমের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে, যার সরাসরি অর্থ- দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন করা যাবে না। যেখানে দেশের প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার অঙ্গীকার করেছেন, সেখানে প্রশাসনের কতিপয় কর্মকর্তার এহেন আচরণ গুরুতর অসদাচারণ এবং সরকারকেই চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার শামিল।
ঘটনার গুরুত বিবেচনায় যথাযথ গুরুত্ব দিয়ে দ্রুত এই অভিযোগের সুরাহা করে, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগতব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান ড. ইফতেখারুজ্জামান।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930