দেশের অগ্রগতিকে থামিয়ে দিচ্ছে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। যানজট এখন চট্টগ্রামবাসীর জন্য নিত্য বিড়ম্বনার নাম। দিন দিন ভোগান্তি বাড়ছে যানজটে, বাড়ছে দুর্ভোগ।  চট্টগ্রামসহ দেশের অগ্রগতিকে থামিয়ে দিচ্ছে এ ভয়ঙ্কর সমস্যা। যানজটের কারণে যে সময়ক্ষেপণ ঘটছে– অর্থনীতির বিচারে তার ক্ষয়ক্ষতি ভয়াবহ। এ সমস্যা উৎপাদনশীলতাকে যেমন ক্ষতিগ্রস্ত করছে, তেমনি দেশের রফতানি বাণিজ্যকে অনিশ্চিত করে তুলছে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের রাজধানীকে অস্বস্তির দৃষ্টিতে দেখে আসছেন একমাত্র যানজটের কারণে। বলা যেতে পারে, যেসব কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বিঘ্নিত হচ্ছে, যানজট তার অন্যতম। প্রায় ৭০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত চট্টগ্রাম মহানগরী অন্যতম মেগাসিটি হিসেবে প্রতিষ্ঠার বড় অন্তরায় যানজট।

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অনেক সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ে। যানজটের কারণে মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয়। বস্তুত যানজটের কারণে চট্টগ্রামবাসীর সামগ্রিক জীবনধারাই পাল্টে গেছে। এখন অবস্থা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, সামান্য দূরত্ব অতিক্রম করতেও সময় লাগবে আগের থেকে অনেক বেশি। ফলে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মানুষ এখন আর কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদানের কথা চিন্তাও করে না। এই বিচ্ছিন্নতা যে সমাজে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এ বিষয়ে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে দিয়েছেন।

গতকাল দৈনিক আজাদীর প্রথম পাতায় ‘নগরীতে যানজট, ভোগান্তি চরমে’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, যানজটের পেছনে ৪ কারণ চিহ্নিত হয়েছে, সমাধানে পেশ করা হয়েছে ১৮ সুপারিশ, কিন্তু বাস্তবায়ন হয়নি একটিও। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘বেশ কিছুদিন ধরে বন্দরনগরীতে চলছে অসহনীয় যানজট। মোড়ে মোড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনগুলোকে। নগরীর প্রধান সড়ক ও মোড়গুলোতে সকাল থেকে গভীর রাত অবধি এই যানজট লেগেই থাকছে। এতে যাত্রীদের পাশাপাশি সাধারণ পথচারীদের দুর্ভোগও চরমে উঠেছে। ফলে লাখ লাখ মানুষের শ্রম ঘণ্টা নষ্ট হলেও কারো যেন কিছু করার নেই! নগরীর ষোলশহর দুই নম্বর গেট, বায়েজিদ বোস্তামী সড়ক, অক্সিজেন মোড়, অলংকার মোড়, একে খান মোড়, কর্নেল হাট, পোর্ট কানেক্টিং রোডের বিভিন্ন পয়েন্ট, বারিক বিল্ডিং মোড়, মাঝিরঘাট, সদরঘাট, নিমতলা, সল্টগোলা ক্রসিং, কাস্টমস মোড়, মুরাদপুর, চকবাজার, আন্দরকিল্লাহ মোড়, নিউ মার্কেট মোড়, স্টেশন রোড, জুবিলী রোড, তিন পুলের মাথা, কাজীর দেউড়ী, দামপাড়া, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট মোড়, মাইলের মাথা, নতুন ব্রিজ, মেহেদিবাগ, প্রবর্তক মোড়, গোলপাহাড় মোড়সহ নগরীতে এমন কোনো মোড় বা রাস্তা নেই যেখানে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকছে না। এয়ারপোর্ট রোডে যানজটে ফ্লাইট মিসের ঘটনাও নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে।’

ট্রাফিক আইন না মানা, পরিকল্পনার অভাব, ফুটপাত দখল, প্রাইভেটকারের সংখ্যা বিদ্যুৎ গতিতে বৃদ্ধি পাওয়াও যানজটের অন্যতম প্রধান কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন। তবে সাম্প্রতিক সময়ে যানজটের কারণ হিসেবে ভাঙাচোরা রাস্তা এবং কারণে–অকারণে রাস্তা খোঁড়াখুঁড়িকেও দায়ী করা হচ্ছে। যেখানে– সেখানে পার্কিং, ফুটপাত দখল করে দোকান বসানো ইত্যকার সমস্যা তো বহু পুরনো। কিছুতেই নগরীর যানজট সমস্যার সমাধান হচ্ছে না। যানজট পরিস্থিতি দিন দিনই জটিল হচ্ছে।

নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে নগর পরিকল্পনাবিদগণ ইতোপূর্বে বেশকিছু সুপারিশ দিয়েছেন। এ সুপারিশগুলোর মধ্যে রয়েছে কাউন্টারভিত্তিক বাস ও হিউম্যান হলার চালু, হকার উচ্ছেদ, ব্যাটারি চালিত রিকশা আর রেজিস্ট্রেশনবিহীন প্যাডেল চালিত রিকশা উচ্ছেদ, রেজিস্ট্রেশনবিহীন সিএনজি ট্যাক্সি ও টমটম উচ্ছেদ, জেলার রেজিস্ট্রেশনভুক্ত সিএনজিগুলোর মহানগরে প্রবেশে বিধিনিষেধ, নামীদামি কয়েকটি স্কুলের শিক্ষার্থী, ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার আর রোগীদের প্রাইভেট কার পার্কিংয়ে কড়াকড়ি, হালিশহর ও বন্দর এলাকায় সড়কের ওপর লং ভেহিকল পার্কিং বন্ধ করা। এসব সমস্যার সমাধান হলে নগরীর পরিবহন সেক্টরে নৈরাজ্য দূর হবে বলে অভিমত প্রকাশ করেন তাঁরা।

আমাদের বোঝা দরকার যে যানজট জনজীবনে শুধু অস্বস্তি আর দুর্ভোগের কারণ নয় বরং তা অর্থনৈতিকভাবে জাতীয় অর্থনীতিকে দুর্বল করে দেয়। অধিক যানজট বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই আধুনিক গতিময় জীবনকে আরো গতিশীল করতে যানজটমুক্ত জীবনের কোনো বিকল্প নেই।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930