যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও মালবাহী পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা এলাকায় । এতে সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও একজন।

আজ রোববার ভোর ৪টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সেতুভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল (২২), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৮) এবং সিএনজি চালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)। আহত ফোরকান উদ্দিন বেগমগঞ্জের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, নিহতদের মধ্যে সোহেল ও আমজাদ ফেনীর একটি হোটেলে কাজ করতেন। গতকাল শনিবার গভীর রাতে গ্রামের বাড়িতে আসার উদ্দেশে হৃদয়ের সিএনজিতে ওঠেন সোহেল, আমজাদ ও ফোরকান উদ্দিন। রোববার ভোর ৪টার দিকে তাদের বহনকারী সিএনজিটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা বাজার এলাকায় পৌঁছলে চৌমুহনী থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ ভ্যান তাদের সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক হৃদয় ও যাত্রী সোহেল মারা যান। আহত আমজাদ ও ফোরকানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমজাদকে ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।

হাতিয়ার হরনী ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন জানান, বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সোহেল ও আমজাদের মরদেহ জুহুরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীকালে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930