গতকাল কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন সারা দেশে সড়ক দুর্ঘটনায় । এদের মধ্যে মুন্সীগঞ্জের শ্রীনগরে ২, সিরাজগঞ্জের সলঙ্গায় ২, জয়পুরহাটে ২, যশোরে ২ ও পটুয়াখালীর বাউফলে ১ জন। আহত হয়েছেন আরো অনেকে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলার কেওয়াটখালি এলাকার চেয়ারম্যান বাড়ির বিপরীত পাশে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- শ্রীনগরের মালেক শিকদারের ছেলে মোটরসাইকেল চালক তুহিন শিকদার (৪০) ও ঢাকার শ্যামপুর এলাকার মীর হোসেনের ছেলে বাদশা  হোসেন (৫০)।
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সলঙ্গায় পিকআপ ভ্যান ও  নসিমন মুখোমুখি সংঘর্ষে ২ নিহত হয়েছে।  গতকাল সকাল সাড়ে ৬ টার দিকে হাটিকমুরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নসিমন চালক নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁসকৈর বাজার পাড়া গ্রামের জগদিস চন্দ্র শিকদারের ছেলে নয়ন শিকদার (৩৫) ও পিকআপ ভ্যানের যাত্রী পাবনার চাটমহর উপজেলার মাসকালিপুর গ্রামের নরুল আমিনের ছেলে রাফিউল ইসলাম (৩২)।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে গরুবোঝাই একটি ভটভটি উল্টে খাদে পড়ে ২ জন নিহত এবং নয়জন আহত হয়েছেন। গতকাল সকাল ১১ টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়া পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের আবু তালেব এবং পূর্ব দুর্গাপুর গ্রামের রাজু আহম্মেদ। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহরিয়ার খান জানান, পুনট  থেকে গরু নিয়ে ভটভটিযোগে পাঁচবিবি হাটে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। বানিয়া পাড়া  এলাকায় আসার পর ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে যানটি উল্টে সড়কের পাশের একটি খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার, যশোর থেকে জানান, যশোর রাজাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী ২ বন্ধু নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে খাজুরা কলেজ-রাজাপুর সড়কের রাজাপুর ডাঙ্গাবয়রা মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মোটরসাইকেলের চালক সদরের ইছালী মথুরাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন (২২) ও আরোহী একই গ্রামের কুরবান আলীর ছেলে যশোর সরকারি সিটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র সবুজ হোসেন (১৯)। এ ঘটনায় মোটর সাইকেলের অপর আরোহী  মথুরাপুর গ্রামের হারুনের ছেলে মোহাম্মদ আব্বাস আলীর (২৩) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, বাউফল-দশমিনা সড়কে টমটম উল্টে মো. লিটন প্যাদা (৪২) নামে টমটমের চালক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে ওই সড়কের বহরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে সেতু এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত লিটনের বাড়ি বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দাসপাড়া গ্রামে। তার বাবার নাম আবদুল কাদের প্যাদা।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031