বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম–১০ আসনের (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা) । ১৫৬টি কেন্দ্রের এই আসনে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙল) পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, এই উপনির্বাচনে প্রার্থীদের প্রাপ্ত ভোটের হার ১১ দশমিক ৭ শতাংশ।

গতকাল দিনভর ইভিএমে ভোটগ্রহণের পর রাতে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে স্থাপিত ফল পরিবেশন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রত্যেকটি কেন্দ্র ও বুথে সিসিটিভি দিয়ে মনিটরিং করা হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপনির্বাচনে মোট ভোটারের মধ্যে ৫৭ হাজার ১৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই উপনির্বাচনে যত ভোট পড়েছে তার ৯২ দশমিক ৬ শতাংশ ভোট একাই পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।

প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী দেখা যায়, ১৫৬ ভোট কেন্দ্রের মধ্যে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট। জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। এছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি) পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) পেয়েছেন ৪৮০ ভোট, অপর স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) পেয়েছেন ৩৬৯ ভোট। উপনির্বাচনে মহিউদ্দিন বাচ্চু ছাড়া অপর ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এই আসনের মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন, পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং তৃতীয় লিঙ্গ ২৩ জন।

আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে জাতীয় নির্বাচনের পাঁচ মাস আগে গতকাল এই আসনের উপনির্বাচন হয়। সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা–১০ আসনের উপনির্বাচনে ভোটের হার ছিল ১১ দশমিক ৫ শতাংশ।

গত তিনটি সংসদ নির্বাচনে ডা. আফছারুল আমীন এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২ জুন তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় গতকাল এই আসনে উপনির্বাচন হয়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930