অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশে এখনও হুন্ডির মাধ্যমে টাকা আসে বলে জানিয়েছেন । এ ছাড়া তিনি বলেছেন, যারা হুন্ডির মাধ্যমে টাকা আনে তারা বিবেকের কাছে দায়ী থাকবেন।

আজ বুধবার দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী। তিনি এ বৈঠকে সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমরা সবসময় অফিসিয়াল চ্যানেলে বিদেশ থেকে টাকা আসুক সেটা প্রত্যাশা করি। কারণ এটার যে সুফল সেটি অত্যন্ত প্রাসঙ্গিক। হুন্ডির মাধ্যমে যদি টাকা নিয়ে আসেন সেটিকে অবৈধ বলব না, তবে সেটি কালো টাকা। যারা সেই টাকা হুন্ডির মাধ্যমে নিয়ে আসেন, তারা সবসময় বিবেকের কাছে দায়ী থাকবেন।’

হুন্ডিতে টাকা পাঠানোদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘তাদের আস্তে আস্তে অনেক টাকা হয়ে গেলে সেটি কিন্তু রেকর্ড করতে পারছেন না, কারণ হুন্ডির টাকা। কখনও ইনকাম ট্যাক্স বা রেগুলেটরি অথরিটি এ সম্পর্কে প্রশ্ন করলে জবাব দিতে পারবেন না।’

দেশে হুন্ডিতে টাকা পাঠানোর পরিমাণ বেড়েছে কি না, এ বিষয়ে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, ‘হুন্ডি তো আছেই। এখনও হুন্ডির মাধ্যমে টাকা পয়সা আসে। যাতে করে কম আসে সেটি নিরুৎসাহিত করতে আমরা তাদের সুফলটা বলছি। প্রধানমন্ত্রীও সেটি করছেন।’

অর্থমন্ত্রী বলেন, ‘রেমিট্যান্স আমাদের অন্যতম একটি খাত। আমাদের রপ্তানি বাণিজ্যের পরে রেমিট্যান্স অর্থনীতি এগিয়ে যাচ্ছে এবং অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করছে। আমি মনে করি এটি আমাদের জন্য ভালো লক্ষণ।’

হুন্ডিতে কী পরিমাণ টাকা আসে- সে পরিসংখ্যান সরকারের কাছে আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমার এ মুহূর্তে কোনো ধারণা নাই। আমি আগে একটি স্টাডি করে দেখেছিলাম, প্রায় কাছাকাছি অফিসিয়াল চ্যানেলে এসেছে ৫১ শতাংশ, আর হুন্ডিতে এসেছে ৪৯ শতাংশ। সেজন্য আমি মনে করি সেই ধারাবাহিকতা এখনও আছে।’

প্রবাসীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যদি অফিসিয়াল চ্যানেলে আনতে পারি কেন আসবে না। অফিসিয়াল চ্যানেল আনলে তো লস হচ্ছে না। তাদের জন্য প্রণোদনা না শুধু, স্বীকৃতিও দেওয়া হচ্ছে। তাদের ভবিষ্যত প্রজন্মও কিন্তু এটি সুন্দভাবে ভোগ করতে পারবে। এতে প্রশ্ন বা দায়বদ্ধ থাকবে না।’

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930