বাংলাদেশ সরকার মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের আশ্রয় দিলেও এখনই তাদের শরণার্থী মর্যাদা দিচ্ছে না।

সোমবার ঢাকায় সচিবালয়ে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠকের পর সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব শাহ কামাল সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত বলা হচ্ছে এরা অনুপ্রবেশকারী। বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে। আলোচনার পর যদি দেখা যায় এটা দীর্ঘমেয়াদী, তখনই বিষয়টি বিবেচনায় আসবে। এখন কিন্তু (বিবেচনায়) আসার সময় হয়নি।’

নাগরিকত্ব নয়, জন্ম সনদ পাচ্ছে রোহিঙ্গা শিশুরা

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারীদের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুদের মিয়ানমারের নাগরিক হিসেবে জন্ম সনদ দেওয়া হচ্ছে বলে সচিব শাহ কামাল জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘তাদের কোনো নাগরিকত্ব বাংলাদেশ দিচ্ছে না। শুধুমাত্র বার্থ রেজিস্ট্রেশনটা দিচ্ছে। ওখানে লেখা হচ্ছে এরা মিয়ানমারের নাগরিক।’

গত আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামে। মুসলিম রোহিঙ্গাদের নাগরিক হিসেবে মানতে নারাজ মিয়ানমার সরকার। তবে যাচাই সাপেক্ষে তাদের ফেরত নেওয়ার আশ্বাস দিয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728