দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য-মহমর্মিতার হাত প্রসারিত করতে বিত্তবান ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, দেশে এখন ভয়ঙ্কর নৈরাজ্য চলছে। মানুষের জান, সহায়-সম্পদের কোনো নিরাপত্তা নেই। আইনের শাসন অনুপস্থিত থাকায় কোথাও কারো কোনো জবাবদিহিতা নেই। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। পানি, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের তীব্র সংকট জনজীবনে দুর্বিষহ অবস্থার সৃষ্টি করেছে। তিনি বলেন, ভোটারবিহীন সরকারের ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট হয়ে মানুষের মধ্যে ঈদ আনন্দ নেই বললেই চলে। এ অবস্থায় সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না। তাই আমি দেশের সকল বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের আহ্বান জানাই-দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত প্রসারিত করার জন্য। ঈদের আনন্দের
দিনে কেউ যাতে অভুক্ত না থাকে- সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। সবাইকে ঈদের আনন্দকে একসঙ্গে ভাগ করে নিতে হবে এক কাতারে মিলে। বিএনপি চেয়ারপারসন বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। হিংসা-বিদ্বেষ, লোভ- ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সমপ্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। কোরবানির যে মূল শিক্ষা তা ব্যক্তি জীবনে প্রতিফলিত করে মানবকল্যাণে ব্রতী হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ সম্ভব। ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সমপ্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন, মহান আল্লাহতায়ালার দরবারে এই প্রার্থনা জানাই। আলাদা বাণীতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বলেন, আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031