রেড জোনে লকডাউন করার সিদ্ধান্ত হয়েছিল সেই কবে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপক হারে বাড়তে থাকায় অধিক সংক্রমিত এলাকা হিসেবে চিহ্নিত । কিন্তু আজও বাস্তবায়ন হয়নি। কবে বাস্তবায়ন হবে সেটাও কর্তৃপক্ষের কেউ বলতে পারছেন না। স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, লকডাউন আর কবে কার্যকর হবে?

সিদ্ধান্ত হয়েছিল সংক্রমণের হার বিবেচনায় রাজধানীসহ সারাদেশকে রেড, ইয়োলো ও গ্রিন জোনে ভাগ করা হবে। রেড জোনে কার্যকর হবে লকডাউন। এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে ঢাকায় পূর্ব রাজাবাজার এবং ঢাকার বাইরে তিনটি এলাকা লকডাউনের আওতায় আনা হয়েছে৷ বাকিগুলো কবে হবে, কীভাবে হবে, তা এখনো নিশ্চিত নয়৷ সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে চলছে টানাটানি। লকডাউনের আদৌ সিদ্ধান্ত হয়েছে কি না এটা নিয়ে প্রশ্ন তুলেছেন কোনো কোনো কর্মকর্তা।

ঢাকার দুই সিটি করপোরেশনের ৪৫টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটি। এরমধ্যে দক্ষিণ সিটির ২৮টি ও উত্তর সিটিতে পড়েছে ১৭টি এলাকা। কিন্তু সিটি করপোরেশন বলছে, তারা গণমাধ্যম সূত্রে এলাকাগুলোর নাম জানতে পারলেও লকডাউন কার্যকরের বিষয়ে অফিসিয়ালি কোনো নির্দেশ পায়নি। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তারা লকডাউন কার্যকরে প্রস্তুত।

ইতিমধ্যে লকডাউন কার্যকরের গাইডলাইন প্রণয়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে বলা হয়েছে, ‘সিটি করপোরেশনের মেয়রকে সভাপতি করে সংশ্লিষ্টদের নিয়ে ১০ সদস্যের এ কমিটিতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যরা উপদেষ্টা থাকবেন।’ কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য অধিদপ্তরের চিহ্নিত জোনগুলো থেকে অগ্রাধিকার ও পারিপার্শ্বিক সক্ষমতা বিবেচনায় নিয়ে কমিটি জোন বা স্পট বাছাই করবে। নির্ধারিত জোন বা স্পটের লকডাউনসহ সার্বিক ব্যবস্থাপনার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। এছাড়া জোন বা স্পট ব্যবস্থাপনা কমিটিকেও প্রয়োজনীয় গইডলাইন প্রদান করবে ১০ সদস্যের কমিটি।’

ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস জানিয়েছেন, লকডাউনে সুনির্দিষ্টভাবে কার কী দায়িত্ব হবে তা জানাতে হবে ৷ সেটা না জানানোর আগে লকডাউন নয়৷ আর উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, তার ১৭টি এলাকা রেড জোন করা হয়েছে বলে জেনেছেন৷ কিন্তু এব্যাপারে বিস্তারিত কোনো নির্দেশনা পাননি৷ নির্দেশনা পেলে তিনি তা বাস্তবায়ন করবেন।

এদিকে বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা বৃহস্পতিবার মধ্যরাত থেকে লকডাউনের ঘোষণা দিয়ে মাইকিং করা হয়। পরে জানানো হয়, এই লকডাউন কার্যকর হচ্ছে না। স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম ঢালী এ ব্যাপারে দুঃখও প্রকাশ করেছেন।

রেড জোনের একটি তালিকা করা হলেও বাস্তবে এর অনেক কিছুই চূড়ান্ত হয়নি৷ লাখে কত মানুষ আক্রান্ত হলে রেড জোন হবে তাই চূড়ান্ত নয় বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক এবং টেকনিক্যাল কমিটির সদস্য ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা৷ লাখে ৩০ না ৬০ জন তাও এখনো আলোচনার পর্যায়ে রয়েছে৷ ঢাকার পূর্ব রাজাবাজার লকডাউন করা হয়েছে পরীক্ষামূলকভাবে৷ তার ফল দেখেই পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত হবে৷

ডা. ফ্লোরা গণমাধ্যমকে বলেন, ‘ঢাকার লকডাউনের ব্যাপারে স্বাস্থ্য মহাপরিচালক সিদ্ধান্ত নেবেন৷ আর ঢাকার বাইরে সিভিল সার্জন৷ তবে পুরো প্রক্রিয়া কী হবে তা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে৷’

এদিকে দেশে করোনা সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত এই ভাইরাসে দেশে মৃত্যুবরণ করেছেন এক হাজার ৪২৫ জন। এদিকে ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষায় তিন হাজার ২৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা এক লাখ আট হাজার ৭৭৫ জন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728