পুলিশ সাভারের আশুলিয়ায় পৃথক স্থান থেকে এক নবজাতক, নির্মাণশ্রমিক ও এক পোশাকশ্রমিক তরুণীর লাশ উদ্ধার করেছে । এর মধ্যে পৃথক দুটি ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার রাতে আশুলিয়ার নিরিবিলি, গাজিরচট ও পল্লীবিদ্যুৎ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহত নির্মাণশ্রমিক মমিনুর রহমান (৪৫) কুড়িগ্রাম সদর জেলার বালাপুর গ্রামের মৃত অলি মাহমুদের ছেলে। এছাড়া অপর ঘটনায় নিহত নারী শ্রমিক শাহানাজ আক্তার (১৬) শরিয়তপুর জেলার সখিপুর থানার মিয়ারচর গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে। তিনি গাজীরচট আড়িআড়া মোড় এলাকার ফজলু বিশ্বাসের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আনজিরা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় আশুলিয়ার নিরিবিলি এলাকার স্বপ্ন বিলাস প্রজেক্টের সপ্তম তলাবিশিষ্ট একটি নির্মাণাধীন ভবনে সাটারিংয়ের কাজ করছিলেন নির্মাণশ্রমিক মমিনুর রহমান। এ সময় চতুর্থ তলা থেকে তিনি নিচে পড়ে যান। পরে তার সহকর্মী অন্যান্য নির্মাণশ্রমিক তাকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মমিনুরকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

অন্যদিকে পৃথক ঘটনায় রবিবার রাত ১০টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার একটি ভাড়া বাসার নিজ কক্ষ থেকে শাহানাজ আক্তার নামে পোশাকশ্রমিক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই তরুণী পরিবারের সঙ্গে অভিমান করে নিজ কক্ষের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার লাশ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এছাড়া আশুলিয়ার পল্লীবিদ্যুতের পূর্ব ডেন্ডাবর এলাকার একটি নালা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশটি স্থানীয়দের তত্ত্বাবধানে দাফন করা হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভবনে কাজ করতে গিয়ে নিচে পড়ে নির্মাণ শ্রমিক ও ঝুলন্ত তরুণী পোশাকশ্রমিকের আত্মহত্যার ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031