মস্কোর পথে রয়েছে উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল পারস্পরিক সহযোগিতার আলোচনা করতে।উত্তর কোরিয়াস্থ রাশিয়ান দূতাবাস থেকে এ কথা বলা হয়েছে । ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দিয়েছে দূতাবাস। এতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য মস্কোর উদ্দেশে যাত্রা করেছে ওই প্রতিনিধি দল। মস্কোতে তারা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা করচে। দু’দেশের মধ্যে ৭০ বছরের কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান।
তার বার্ষিকী উপলক্ষে এ বৈঠক বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস। দু’দেশের মধ্যে এমন আলোচনা এমন এক সময়ে করা হচ্ছে যখন পারমাণবিক অস্ত্র ইস্যুতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও উত্তর কোরিয়াকে জ্বালানি সরবরাহ অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে রাশিয়ার ট্যাংকারগুলো। যুক্তরাষ্ট্র এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা বলেছে, অবরোধ সত্ত্বেও যারা উত্তর কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত রাখবে তারা ওই অবরোধকেই যেন খর্ব করবে। উত্তর কোরিয়ার বাড়বাড়ন্ত ঠেকাতে বিশ্ব যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে খর্ব করা হবে এর মাধ্যমে।