আজকের নারীরা শুধু স্বপ্ন দেখেন না স্বপ্ন বাস্তবায়নও করছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছে । তাদের সফলতার উপর জাতির সফলতা নির্ভর করে। মেয়েরা এখন শিক্ষাক্ষেত্রে এগিয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা স্কুলে যায়। কিন্তু কর্মক্ষেত্রে নারীদের চ্যালেঞ্জ হচ্ছে অনুকুল পরিবেশ তৈরি করা। তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীদের অনুকুল পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্ষণের ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ থাকতে হবে। এবং ধর্ষণ যাতে না ঘটে সে বিষয়গুলো আমাদের আগে থেকেই ভাবতে হবে।

নারীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, কর্মস্থলে, পরিবারে, ঘরের বাইরে নারীর প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে হবে। প্রত্যেক মা’কে তাদের ছেলে সন্তানকে এমন বোধ দিতে হবে যাতে পরবর্তীতে সে নারীকে সম্মান করে। পুরুষের সহযোগীতার মধ্য দিয়ে নারী পুরুষের সমতার পূর্ণতা পায়। তিনি বলেন, নারী উন্নয়ন ভাবনা বঙ্গবন্ধুর চেতনায় স্থান পেয়েছে। সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্যদের বিষয়টি বিশ্বের অনেক দেশেই নেই। যেটা আমাদের দেশের সংবিধানের মাধ্যমে স্থান পেয়েছে। বর্তমানে সংরক্ষিত এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে ৭২জন নারী এমপি রয়েছেন। তিনি বলেন, নারী নির্যাতন বন্ধ করতে হলে পরিবার থেকেই নারীদের প্রতি বৈষম্য কমিয়ে আনার শিক্ষা দিতে হবে। পরিবারে নারীর প্রতি শ্রদ্ধাবোধ শিক্ষা দিলে নারী নির্যাতন প্রতিরোধ করা সহজ হবে। কারণ, সমাজকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষকে একসাথে এগিয়ে যেতে হবে। নারীর অধিকার ও অর্থনৈতিক ক্ষমতায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭২ সালের সংবিধানেই দিক নির্দেশনা দিয়ে গেছেন। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

‘নারীর উন্নয়নে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে বিশেষ সম্মাননা দেয়া হয়। এসময় জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর হাতে নারী দিবসের শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, মানবজমিন সম্পাদক ও প্রকাশক মাহবুবা চৌধুরী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, কবি হেলাল হাফিজ, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, কবি হেলাল হাফিজ ও সোহরাব হাসান।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728