বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে এখন কোনো রাজনীতি নেই, এটা একটা দলের কাছেই চলে গেছে বলে মন্তব্য করেছেন । মির্জা ফখরুল বলেন, দেশে বাকশাল কায়েম করেছে সরকার। শুক্রবার ঠাকুরগাঁও কালিবাড়িতে তার নিজ বাসবভনে এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, এদেশে একদলীয় শাসনব্যবস্থা একবার এসেছিল ৭৫-এ বাকশাল নিয়ে। সেটা চলে যাওয়ার পর এখন আবার এক দলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়ে গেছে। এখন যেটা আছে সেটা হলো ছদ্মবেশী গণতন্ত্র।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আজকে কারাগারে আটক করে রাখা হয়েছে। যেটা তার (খালেদা জিয়া) আইনগতভাবে পাওনা জামিন সেটাও তিনি পাচ্ছেন না।
বর্তমান সরকারকে উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, আমরা প্রতিদিনই মনে করব যে, এটা একটা বেআইনি দখলদারি সরকার বসে আছে। তাকে মেনে নেওয়ার তো কোনো কারণই নেই। আমরা সরকারকে বলেছি, এই নির্বাচনকে বাতিল করে পুনরায় একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আবু তাহের দুলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জেলা বিএনপি আমিনুল ইসলাম সোহাগসহ অনেকে।।
