এক কাউন্সিলরসহ পাঁচজন আহত হয়েছে চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে উচ্ছেদে যাওয়া ভ্রাম্যমাণ আদালতের উপর হকারদের হামলায় ।

মঙ্গলবার (০৬ জুন) দুপুর পৌনে একটার দিকে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম আহত হয়েছেন।

উচ্ছেদ অভিযান চলাকালে একদল দুর্বৃত্ত চসিকের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হয়। তারা ইটপাটকেল ছোড়ে এবং লাঠি দিয়ে চসিকের কর্মীদের মারধর করে।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন বলেন, জলাবদ্ধতা থেকে স্থানীয় বাসিন্দাদের মুক্তি দিতে রাস্তার ওপর অবৈধ স্ল্যাবগুলো সরিয়ে নালা পরিষ্কারের কাজ শুরু করেছিলাম। এর আগে আমরা জায়গার মালিক তথা দোকানিদের বিষয়টি বুঝিয়ে বলি। এরপরই কাজ শুরু করা হয়। পরে একদল লোক উত্তেজিত হয়ে হামলা করে। সরকারি কাজে বাধা দেন তারা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে হকারদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। হকারদের সরিয়ে সিসিসির শ্রমিকরা কাজ শুরুর পর পুলিশসহ ম্যাজিস্ট্রেট অন্য স্থানে চলে যান। এর কিছুক্ষণ পরই হামলা করে হকাররা।

স্থানীয় কাউন্সিলর জহুরুল ইসলাম জসিম বলেন, “আমার সাথে কারো দ্বন্দ্ব নাই। অভিযানে গিয়ে ঘটনাস্থল থেকে ম্যাজিস্ট্রেট অন্যত্র যাওয়ার সঙ্গে সঙ্গে হকাররা এ হামলা করে।

উচ্ছেদের সময় ঘটনাস্থলে থাকা সিসিসির নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক বলেন, “অলংকার মোড়ে সড়কের একপাশে প্রায় দেড়শ ফুট নালার উপর স্ল্যাব বসিয়ে ব্যবসা করে আসছে হকাররা।ওই এলাকায় জলাবদ্ধতার প্রকোপ কমাতে নালা পরিষ্কার করাটা জরুরি ছিল। নালা পরিষ্কার করতে গেলে প্রায় শদেড়েক হকার পাথর নিক্ষেপ শুরু করে। পরে লাঠিসোটা নিয়ে হামলা করে আমাদের উপর। হামলায় আমাদের পাঁচজন আহত হয়েছে।”

হকারদের হামলায় স্ল্যাব ভাঙার যন্ত্র (স্কিড স্টেয়ার লোডার) ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031