আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও মেয়র সাঈদ খোকনকে দায়িত্বশীল কথা বলার পরামর্শ দিয়েছেন । বলেছেন, আমরা অনেক সময় দায়িত্বহীন কথা বলে থাকি। সকলের দায়িত্বশীল কথা বলা উচিত। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তাই কথা না বলে যার যার কাজে মনোনিবেশ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধও করেন তিনি।
আজ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওকায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গুকে সহজভাবে নেয়ার উপায় নেই। আমরা ভেবেছিলাম শুধু আমাদেরই ডেঙ্গু। কিন্তু এখন দেখছি তা চীন, ফিলিপাইন এমনকি ভিয়েতনাম পর্যন্ত ছড়িয়ে গেছে। এটা এখন আর কোন দেশীয় রোগ নয়।
দেখা যাচ্ছে আন্তর্জাতিকভাবেও এর প্রকোপ বাড়ছে।
তিনি বলেন, অন্যান্য দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে বলে আমরা যে নিজেদের দায়িত্ব অপেক্ষা করব, এটারও কোন সুযোগ নেই। আমাদের জনগণকে আমাদেরকেই বাঁচাতে হবে। মশার উপদ্রব থেকে জনগণকে বাঁচাতে প্রধানমন্ত্রীও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। দুই সিটি কর্পোরেশন এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। সমন্বিতভাবে আমাদের ডেঙ্গু প্রতিরোধে অংশ নিতে হবে।
