আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ আখ্যায়িত করে দেয়া বক্তব্যের জবাবে তাকে ইঙ্গিত করে হুঁশিয়ারি দিয়েছেন। রাঙ্গার নাম উচ্চারণ না করে তিনি ইঙ্গিতে বলেছেন, আমাদের নেত্রীর বদৌলতে যারা রাজনীতিতে অক্সিজেন পেয়েছেন, তারা নেত্রীকেও কটাক্ষ করেন।

গত রবিবার জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা দলীয় এক অনুষ্ঠানে শহীদ নূর হোসেনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এসময় তিনি শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে ‘স্বৈরাচার’ বলেও আখ্যা দেন।

মঙ্গলবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সম্মেলনে রাঙ্গার এই বক্তব্যের দিকে ইঙ্গিত করে কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘শেখ হাসিনার প্রতি কোনো কটাক্ষ করলে শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের বহু মানুষের অনুভূতিকে কটাক্ষ করা হয়। বাংলাদেশে শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাকে আপনারা কটাক্ষ করলে জনগণ কাউকে ক্ষমা করবে না।’

এসময় তিনি নূর হোসেনকে নিয়ে রাঙ্গার মন্তব্য ও পরে তার পরিবারের কাছে ক্ষমা চাওয়া নিয়েও কথা বলেন। কাদের বলেন, ‘নূর হোসেন হত্যাকাণ্ড গণতন্ত্রের সংগ্রাম হত্যা করার জন্য, এটা দেশ ও জাতি জানে। নূর হোসেনের প্রতিও বিরূপ মন্তব্য কেউ কেউ আজকে করেন। আমাদের নেত্রীর বদৌলতে যারা রাজনীতিতে অক্সিজেন পেয়েছেন, তারা নেত্রীকেও কটাক্ষ করেন। কথা মুখ থেকে ফসকে গেলে মুখে আর ফিরে আসে না। যত সরি বলা হোক, যতই অ্যাপোলাইজ করা হোক এ ধরনের দায়িত্বহীন মন্তব্য, কটাক্ষ আমাদের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে দেয়। ’

তবে তিনি একবারের জন্যও রাঙ্গার নাম উচ্চারণ করেননি।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখনো বলা হয় মুজিব গেছে যেই পথে হাসিনা যাবে সেই পথে। এই রকম ওদ্ধত্যপূর্ণ বক্তব্য বিএনপি আজকে দিয়ে যাচ্ছে। আরও অনেকেরই অতীতের অনেক ঘটনা আছে। পঁচাত্তরের পনেরই আগস্টের খুনের দায় বিএনপি কোনোভাবে এড়াতে পারে না। ’

তিনি বলেন, ‘এই খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা। এই খুনিদেরকে বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই খুনিদের যাতে বিচার না হয় তার জন্য কুখ্যাত ইনডেমিনিটি জারি করেছিলেন তিনি।’

স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. মোবাশ্বের চৌধুরীর সভাপতিত্বে সম্মেলন সঞ্চালন করেন সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মতিউর রহমান মতি, গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রমুখ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031