আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১৯৭১ সালের ৭ মার্চ দেয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে যত্রতত্র ব্যবহার না করে সম্মানের সঙ্গে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর ভাষণটি ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। আমরা এই ভাষণটি যত্রতত্র বাজাই, শুনি। আমি সবাইকে অনুরোধ করব, এটি যেন আমরা সবখানে না বাজাই।’

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো প্রামাণ্য বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের। অনুষ্ঠানে ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি বিতরণ করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘যে ভাষণ বিশ্ব স্বীকৃতি পেয়েছে, আমরা এটিকে সম্মানের সঙ্গে ব্যবহার করব। যত্রতত্র এই ভাষণ ব্যবহার করা উচিত নয়। বিশেষ দিবস যেমন- স্বাধীনতা দিবস, শহীদ দিবস, জাতীয় দিবস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, ডিসেম্বর মাসে এবং ক্ষেত্র বিশেষে এটির ব্যবহার করা উচিত।’

বঙ্গবন্ধুকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়ায় জাতিসংঘ তাদের জবাব দিয়েছে বলে মন্তব্য করেন কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা নিয়ে জিয়াউর রহমানের একটি লেখা রয়েছে। যেখানে তিনি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে স্বাধীনতার গ্রিন সিগন্যাল হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু এরপরও বিএনপি বঙ্গবন্ধুকে খাটো করার জন্য বিভ্রান্তি ছড়ায়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘স্বাধীনতার ঘোষক আর স্বাধীনতার পাঠক এক বিষয় নয়। ইতিহাস নিয়ে যারা কানামাছি খেলে, জাতিসংঘের সংস্থা ইউনেস্কো তাদের সঠিক জবাব দিয়েছে।’

অনুষ্ঠানে বিএনপির সমাবেশ করার বিষয় নিয়েও কথা বলেন কাদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সম্মেলনের অনুমতি দিতে পুলিশও ভয় পায়। আপনারা নিজেরা মারামারি করে অনেক সম্মেলন পণ্ড করেছেন। দিনের শেষে প্রেস বিফ্রিং করে সরকারকে দোষ দিয়েছেন। এবার যেন তা না করেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930