এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি এলাকায় । মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার নওগাঁ ইউনিয়ন যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক মো. মহির উদ্দিন ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ। এদের মধ্যে মহির উদ্দিন সাকুয়াদিগি গ্রামের সাইদুর রহমানের ছেলে ও আনিছ একই এলাকার আবু তালেবের ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর রহমান জানান, বুধবার বেলা ১২টার দিকে মহিষলুটি এলাকায় অভিযান চালিয়ে মহির ও আনিছকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে মঙ্গলবার রাতের ওই ঘটনার পর স্থানীয়রা ওই কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে দেয়। কিন্তু কিশোরীর সঙ্গে থাকা তার ছোট ভাইকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।

পুলিশের হেফাজতে থাকা ওই কিশোরী জানায়, তিন দিন আগে ছোট ভাইকে নিয়ে তাড়াশের মান্নাননগর এলাকায় বড় বোনের বাড়িতে যায় সে। মঙ্গলবার বিকালে চলনবিল দেখতে দুই ভাইবোন মহিষলুটি আসে। পথে আনিসুর রহমান নামে তার দুলা ভাইয়ের এক বন্ধু কৌশলে অটোরিকশায় তাদের তুলে নিয়ে বিদ্যাধর এলাকার একটি বাড়িতে আটকে রাখে। সন্ধ্যার পর বাড়িটি থেকে তার ছোট ভাইকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়। এরপর রাত সাড়ে আটটার দিকে আনিসুর ও তার বন্ধু মহির এসে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই দুজনন পালিয়ে যায়।

নওগাঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী জানান, ‘খবর পেয়ে আমরা মেয়েটিকে উদ্ধার করে মহিষলুটি আওয়ামী লীগ কার্যালয়ে রেখে থানায় সংবাদ দেই। পরে পুলিশ এসে মেয়েটিকে নিয়ে যায়। তবে তার ছোটকে আমরা ঘটনাস্থলে পাইনি।’

তাড়াশ থানার পরিদর্শক তদন্ত ফজলে আশিক জানান, ‘ভিকটিমকে উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। রাতেই ওই নির্যাতিত মেয়ে বাদী হয়ে মহির ও আনিছের নামে ধর্ষণ মামলা করেছে। ধর্ষণের শিকার কিশোরী ঘটনার সময় তার ছোট ভাই নিখোঁজ হয়েছে দাবি করলেও আমরা তাকে এখনও খুঁজে পাইনি। ভিকটিমকে আজই (বুধবার) মেডিকেল পরীক্ষার জন্য তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’

তাড়াশের নওগাঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই বলেন, নওগাঁ ইউনিয়ন যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক এবং মহিষলুটি হাটের টোল উত্তোলনকারী মহির উদ্দিন ও যুবলীগের ৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি আনিস এ ঘটনার সাথে সম্পৃক্ত কি না, তা আমি এখনও অবগত নই।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728