জার্মান পুলিশ ফরাসি চিত্রশিল্পী ইয়েভেস টাক্সগু’র দুই লাখ ৮০ হাজার ইউরো বা ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের একটি পেইন্টিং ড্যুসেলডর্ফ বিমানবন্দরের ডাস্টবিন থেকে উদ্ধার করেছে। তারা একটি কাগজ ফেলার বিনের ভেতর থেকে চিত্রকর্মটি খুঁজে পাওয়ায় মূল্যবান পেইন্টিংটি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়। বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, নভেম্বর মাসের শেষে এক ব্যবসায়ী ড্যুসেলডর্ফ বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে পেইন্টিংটি ফেলে যায়। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে। খবরে বলা হয়, এক ব্যবসায়ী তেলআবিব যাওয়ার জন্য বিমানে ওঠার আগে বোর্ডিংয়ের সময় জানান যে, এয়ারপোর্টে ভুলে পেইন্টিংটি ফেলে এসেছেন। বিমান ইসরাইলে অবতরণ করার সাথে সাথেই তিনি ড্যুসেলডর্ফের পুলিশের সাথে যোগাযোগ করেন। পুলিশ স্টেশনে খবরটি জানালে তারা এয়ারপোর্টের ক্লিনিং বা পরিচ্ছন্নতা বিভাগের সাথে যোগাযোগ করেন। তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে পেইন্টিংটি পাওয়া যায় কাগজ ফেলার বিনের ভেতর।
ছবিটি পাওয়ার পর পুলিশের মুখপাত্র আন্দ্রে হার্টভিগ বলেন, এটা এ বছর আমাদের সবথেকে আনন্দের খবরগুলোর একটি। স্যুরিয়ালিস্ট বা পরাবাস্তববাদী চিত্রশিল্পী ইয়েভেস টাক্সগুর জন্ম ১৯০০ সালে। বুধবার মূল্যবান শিল্পকর্মটি এর প্রকৃত মালিক নিয়ে যান।
