উত্তর কোরিয়া দুই কোরিয়ার আন্তঃসম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রকে গলা নামিয়ে কথা বলার জন্য সতর্ক করেছে । তারা আরো বলেছে, দুই কোরিয়ার মধ্যকার সম্পর্কের বিষয়ে মন্তব্য করার মতো কোনো অবস্থান নেই যুক্তরাষ্ট্রের। তাই যদি যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনটা তারা চায় যে মসৃণভাবে হোক তাহলে তাদের চুপ থাকাটা হবে ওয়াশিংটনের স্বার্থে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার যোগাযোগ স্থগিত করায় হতাশা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার এমন কড়া প্রতিক্রিয়া দিয়েছে উত্তর কোরিয়া। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায় দেশটির যুক্তরাষ্ট্র বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খোন জং গুন বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি এযাবতকালের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে। এ সময়ে যদি তারা উত্তর কোরিয়ার আভ্যন্তরীণ বিষয়ে অসতর্কতার সঙ্গে নাক গলানো থেকে বিরত না থাকে, তাহলে অনাকাঙ্খিত পরিস্থিতি আসবে, যা তারা সামাল দিতে পারবে না।
