ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে হুমকি দিয়েছেন তাকে ‘কৌতুকপূর্ণ ও হাস্যকর’ বলে অভিহিত করেছে ইরান সিরিয়ায় অবস্থানরত ইরানি সামরিক উপদেষ্টাদের ওপর হামলা করা হবে বলে। এক বক্তব্যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি একথা বলেন। এসময় সিরিয়ায় মোতায়েন ইরানি সামরিক উপদেষ্টাদের জীবন রক্ষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জাফারি বলেন, সিরিয়ার জনগণকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে দেশটিতে মোতায়েন আমাদের সব সামরিক উপদেষ্টার পাশাপাশি সব সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
জেনারেল জাফারি বলেন, সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় ইরান বিশেষ করে ধৈর্য ধারণ করছে। তিনি নেতানিয়াহুকে সতর্ক করে দিয়ে বলেন, অচিরেই তেল আবিব সে কারণ উপলব্ধি করবে। আপনাদের জেনে রাখা উচিত আপনারা সিংহের লেজ নিয়ে নাড়াচাড়া করছেন। আপনারা সেদিনের অপেক্ষায় থাকুন যেদিন ইরানের ক্ষেপণাস্ত্র আপনাদের ঘাড়ের উপর এসে আঘাত হানবে এবং মধ্যপ্রাচ্যের মুসলমানদের যত রক্ত ঝরিয়েছেন তার প্রতিশোধ নেবে।
সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী হুমকি দিয়ে বলেছিলেন, যতদিন ইরানি সামরিক উপদেষ্টারা সিরিয়া ত্যাগ না করবে ততদিন তাদের ওপর হামলা বন্ধ করবে না তেল আবিব।
বিগত কয়েক বছর ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ইরান। কিন্তু ইসরায়েল সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতিকে তার জন্য হুমকি হিসেবে নিয়েছে এবং এজন্য ইরানি সেনা অবস্থানে হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।
