বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আগামীকাল মঙ্গলবার বকশী বাজারের আলীয়া মাদরাসায় স্থাপিত বিশেষ আদালতে যাবেন । আজ সোমবার সকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১১টায় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া উপস্থিত হবেন। ওই দিন আদালতে মামলা দুটির যুক্তি উপস্থাপনের দিন ধার্য রয়েছে। ১৮ই জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী আহসান উল্লাহ। তার পক্ষে যুক্তি শেষ না হওয়ায় পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২৩, ২৪ ও ২৫শে জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মামলার এজাহারে বলা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩রা জুলাই রমনা থানায় একটি মামলা করে দুদক। মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। একই সঙ্গে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় আরও একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলার বাকি আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডব্লিউটি এর সাবেক নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031