সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণে আগামী ২রা ফেব্রুয়ারি ২১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে গণভবনে যাবেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। বি. চৌধুরী, বিকল্পধারা ও যুক্তফ্রন্টের নেতাদের নামে প্রধানমন্ত্রীর পাঠানো আমন্ত্রণপত্রগুলো তারা পেয়েছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বি. চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন- বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, আব্দুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, এইচএম গোলাম রেজা, বিকল্পধারার সহ-সভাপতি মাহবুব আলী, মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, মহাসচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিপি চেয়ারম্যান আলহাজ্ব খোন্দকার গোলাম মোর্ত্তুজা, মহাসচিব মঞ্জুর হোসেইন ঈসা, জাতীয় জনতা পার্টি সভাপতি শেখ মো. আসাদুজ্জামান, বাংলাদেশ জনদল চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট চেয়ারম্যান দীলিপ কুমার দাসগুপ্ত ও লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী। এদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও সাবেক বিএমএ নেতা ডা. রফিকুল ইসলাম চৌধুরীকে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য নিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ডা. রফিক চৌধুরী একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে পদত্যাগ করে বিকল্পধারায় যোগ দেন।
