যুক্তরাষ্ট্র স্পর্শকাতর সামরিক ঘাঁটিতে প্রবেশের দায়ে এ বছর খুব গোপনীয়তার সঙ্গে চীনা দু’জন কূটনীতিককে বহিষ্কার করেছে । সেপ্টেম্বরে এ ঘটনা ঘটলেও তা গোপন ছিল। কিন্তু বিলম্বে এ খবর রোববার প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়েছে, ওই সামরিক ঘাঁটিটি ভার্জিনিয়ায় অবস্থিত। কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি জানেন এমন ব্যক্তিদের উদ্ধৃত করা হয়েছে রিপোর্টে।

পত্রিকাটির কাছে এমন তথ্য দিয়েছেন ৬ জন। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিশ্বাস করেন, চীনা ওই দুই কর্মকর্তার মধ্যে কমপক্ষে একজন কূটনৈতিক পরিচয়ের আড়ালে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন।

ঘটনাটি ঘটে ভার্জিনিয়ার নরফোকের কাছে সামরিক ঘাঁটিতে সেপ্টেম্বরে। এ সময় ওই কূটনীতিকদের সঙ্গে ছিলেন তাদের স্ত্রীরা। এ অবস্থায় তারা সামরিক ঘাঁটিতে প্রবেশপথের চেকপয়েন্ট পর্যন্ত গাড়ি হাঁকিয়ে যান। সেখানে একজন প্রহরী বুঝতে পারেন, ভিতরে প্রবেশের অনুমতি নেই তাদের। এ অবস্থায় তাদেরকে গেট দিয়ে প্রবেশ করে গাড়ি ঘুরিয়ে বের হওয়ার পথ দিয়ে বেরিয়ে যেতে বলেন ওই প্রহরী। এমন পরিস্থিতিতে এটাই সাধারণত করা হয়। তার কথামতো, চীনা কূটনীতিকরা তাদের গাড়ি চালিয়ে স্থাপনার ভিতরে প্রবেশ করেন এবং সামনে একটি অগ্নিনির্বাপণকারী গাড়ি পথ আটকে দেয়ায় তারা কিছু সময়ের জন্য সেখানে থামেন।

কিন্তু এই কাহিনী প্রকাশ করেন নি ওয়াশিংটন বা বেইজিং। ফলে তথ্যটি এমন এক সময়ে প্রকাশ হলো যখন দুই দেশ ভূরাজনৈতিক ও অর্থনৈতিক তীব্র বিরোধিতার মধ্য দিয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমস তার রিপোর্টে বলেছে, কূটনীতিক বহিষ্কারের এই ঘটনা দৃশ্যত ৩০ বছরের মধ্যে প্রথম ঘটলো।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930