ট্রাকচাপায় কামাল হোসেন নামে এক পত্রিকা বিক্রয় কর্মী নিহত হয়েছেন নরসিংদীতে। শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের তাঁরগাঁও গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।

পুলিশ জানায়, কামাল হোসেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা বিক্রয় কর্মী ছিল। প্রতিদিনের মতো শুক্রবার ভোরে পত্রিকা বিলি করার উদ্দেশ্যে সাইকেলে রওনা হয়।

পুলিশ জানায়, এসময় তিনি জেলা পরিষদের সামনে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের সহকর্মী শরিয়ত উল্লাহ বলেন, আমার কাছ থেকে পত্রিকা নিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই কামাল ভাই দুর্ঘটনার শিকার হন। তিনি অনেক ভাল মানুষ ছিলেন। তিনি ভেলানগর থেকে পত্রিকা নিয়ে পলাশের পারুলিয়া বাজার, বিভিন্ন সরকারি দপ্তরসহ পলাশ সারকারখানা এলাকায় বিলি করতেন।

নিহতের ছোট ছেলে সজিব মিয়া বলেন, আব্বা পত্রিকা বিক্রির পাশাপাশি পলাশ সারকারখানায় চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। ভোর ৫টায় আমাদের ঘুমে রেখে আব্বা পত্রিকা আনতে গেলেন। আর এখন নিজেই চিরঘুমের মধ্যে চলে গেলেন।

নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক আল আমিন বলেন, লাশের শরীরের যে অবস্থা তাতে সুরতহাল করা ছাড়া ময়নাতদন্ত করার কোনো অবস্থা নেই। আর পরিবারের লোকজনের আপত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিনা ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728