ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লিমা বেগম (২০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন খুলনায় । এ সময় লিমার কোল থেকে দুই বছরের মেয়ে পড়ে গেলেও সে অক্ষত রয়েছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে মহানগরীর দৌলতপুরস্থ নতুন রাস্তা মোড় সংলগ্ন খুলনা পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ লিমা বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড়স্থ বাবুরহাট গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী। তার পিতার বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্বশুরবাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড়স্থ বাবুরহাট গ্রাম থেকে বাবার বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন লিমা। সঙ্গে তার দুই বছরের মেয়ে ছিল। তাদের বহনকারী মাহিন্দ্রা নগরীর দৌলতপুরস্থ নতুন রাস্তা মোড় সংলগ্ন খুলনা পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি ট্রাক মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে লিমা ছিটকে সড়কে পড়ে যান। এরপরই ট্রাকটি তাকে পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলেই নিহত হন লিমা। তবে, এ সময় কোল থেকে তার দুই বছরের মেয়ে পড়ে গেলেও সে অক্ষত রয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, নিহত লিমার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিও আটক করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031