একটি ট্রাক ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন ময়মনসিংহে। নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ । সোমবার ভোরে জেলার তারাকান্দায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দার বক্শীমুল এলাকায় ময়মনসিংহগামী প্রাইভেটকারের সঙ্গে তারাকান্দাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে স্থানীয়রা প্রাইভেটকারের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল আলম জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । মামলার প্রস্তুতি চলছে ।
