যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে জঙ্গি গোষ্ঠী আইএস অনুপ্রাণিত এক সন্ত্রাসী হামলার বিষয়ে দেশটির নিরাপত্তা বাহিনীকে আগ থেকে তথ্য প্রদান করে । সিআইএ থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে নস্যাৎ করে দেয়া হয় ওই হামলা। রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে ফোনে কথা বলেন। এ সময় সিআইএ’র সহায়তার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। এ খবর দিয়েছে সিএনএন।
এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, সেইন্ট পিটার্সবার্গের কাযান ক্যাথেড্রাল ও আশপাশের এলাকায় শনিবার সম্ভাব্য এক সন্ত্রাসী হামলার বিষয়ে তথ্য দিয়ে সিআইএ রাশিয়াকে সহায়তা করায় ট্রাম্পকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। পাশাপাশি, ট্রাম্পকে সিআইএ পরিচালক মাইক পম্পেও ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তার ধন্যবাদ পৌঁছে দেয়ার অনুরোধও করেন পুতিন।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস শুক্রবার বলেছে, তারা একটি সন্ত্রাসী দলের সাতজন সদস্যকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি, বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র ও চরমপন্থি পুস্তকও জব্দ করে তারা। গ্রেপ্তারকৃতরা হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল বলেও উল্লেখ করা হয়। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, অপরাধীদের খুঁজে বের করতে ও গ্রেপ্তার করতে সিআইএ থেকে প্রাপ্ত তথ্য যথেষ্ট ছিল। বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের ওপর কোনো সন্ত্রাসী হুমকি সম্পর্কিত কোনো তথ্য রাশিয়ার কাছে থাকলে সে বিষয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে অবহিত করা হবে বলে ট্রাম্পকে নিশ্চয়তা দেন পুতিন। রাশিয়ার রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা টিএএসএস এক প্রতিবেদনে বলেছে, রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে ফোন করা হয়েছিল। এ নিয়ে তিনদিনের মধ্যে দুইবার ফোনে কথা বলেছেন দুই প্রেসিডেন্ট। এর আগে বৃহস্পতিবার উত্তর কোরিয়া নিয়ে সৃষ্ট উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র- রাশিয়া সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে ফোনে কথা বলেন তারা।