প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কয়েক দিনের মধ্যে হোয়াইট হাউজের কর্মকর্তাদের করোনা ভাইরাসের টিকা দেয়ার পরিকল্পনা উল্টে দিয়েছেন । সোমবার থেকে সেখানে ফাইজার আবিস্কৃত করোনা ভাইরাসের টিকা প্রথম জরুরি ভিত্তিতে ব্যবহার করার কথা। কর্মকর্তারা বলেছেন, আগের পরিকল্পনায় প্রথম দফায় আসা টিকা থেকে ট্রাম্প প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের টিকা দেয়ার কথা। কিন্তু এই পরিকল্পনার আগে সমন্বয় করার কথা বলেছেন ট্রাম্প। ফলে শুরুর দিকেই হোয়াইট হাউজের কর্মকর্তাদের টিকা দেয়া হচ্ছে না। সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, রোববার ট্রাম্পের এমন পরিকল্পনার কথা প্রকাশিত হয়েছে বেশ কিছু মিডিয়ায়। আগে বলা হয়েছিল, প্রথম চালানে যাওয়া টিকাগুলো থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একেবারে ঘনিষ্ঠ হয়ে যারা কাজ করেন, সেখান থেকে তাদের জন্য টিকা সংরক্ষণ করা হবে।
বিষয়টি প্রথম রিপোর্ট করে নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়, করোনা টিকার এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন উলিয়ট। তিনি বলেছেন, জনগণের মধ্যে টিকাদান কর্মসূচিতে আস্থা সৃষ্টির জন্য এ কর্মসুচি নেয়া হয়েছে। তিনি বলেন, মার্কিন জনগণকে এটা আস্থায় নিতে হবে যে, যুক্তরাষ্ট্র সরকারের সিনিয়র কর্মকর্তারা যতটুকু নিরাপদ ও কার্যকর টিকা নিচ্ছেন, তারাও সেই একই টিকা নিচ্ছে। কিন্তু রোববার প্রেসিডেন্ট ট্রাম্প পরামর্শ দেন, হোয়াইট হাউজের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদেরকে আরো কিছুটা বিলম্ব করা উচিত। তিনি এ নিয়ে একটি টুইট দিয়েছেন। তাতে ট্রাম্প লিখেছেন, হোয়াইট হাউজে যেসব কর্মকর্তা কর্মচারী কাজ করছেন তাদের উচিত আরো বিলম্বে টিকা নেয়া, অবশ্য যদি এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো অত্যাবশ্যকতা না থাকে। সরকার চাইছে শীর্ষ কর্মকর্তাদের এই টিকা দিয়ে তাদেরকে রক্ষা করতে। কিন্তু সেক্ষেত্রে ট্রাম্পের এমন টুইট কি প্রভাব রাখবে তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
