মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে প্রত্যাশার চেয়ে ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন। সাড়ে তিন ঘণ্টা ধরে চলা বৈঠকের পর ট্রাম্প জানান, বৈঠক যেকারো প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে।
আলোচনার পর বিশ্বের আলোচিত এই দুই নেতা কোরীয় উপদ্বীপের পারমাণবিক অচলাবস্থা নিয়ে একটি চুক্তিতে সই করবেন।
অনেক জল্পনার পর স্থানীয় সময় মঙ্গলবার নয়টায় সিঙ্গাপুরের স্যান্টোসা দ্বীপের হোটেল দ্য ক্যাপেলোতে এই দুই নেতার বহু আকাঙ্ক্ষিত বৈঠকটি শুরু হয়।
বৈঠক শুরুর আগে সাক্ষাৎ হওয়ার সময় দুই নেতা করমর্দন করেন। করমর্দন শেষে মার্কিন প্রেসিডেন্টকে কিম জং উনের ডান কাঁধ স্পর্শ করতে দেখা যায়। এ সময় দুই নেতাকেই হাসিমুখে দেখা যায়। এরপর দুই নেতার মধ্যে ঐতিহাসিক এই বৈঠকটি শুরু হয়।
বৈঠকে মধ্যাহ্নভোজের বিরতির সময় ক্যাপেল্লা হোটেলের গার্ডেনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তবে এর আগে উত্তর কোরিয়ার এই নেতা ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের ব্যাপারে বলেন, শান্তির জন্য একটি ভালো সূচনা।
এর আগে বৈঠকে অংশ নিতে গত রবিবার সিঙ্গাপুরে পৌঁছান ট্রাম্প; তার আগেই সিঙ্গাপুরে উড়ে যান কোরীয় নেতা কিম। দুই নেতাই নিজ নিজ দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশাল বহর নিয়ে সিঙ্গাপুরে হাজির হন।
বিশ্বের আলোচিত দুই নেতার গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে রবিবার থেকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সিঙ্গাপুরকে। দেশটির মধ্যাঞ্চলীয় এলাকাকে বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।


