যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে , বৃটেন, জার্মানী, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ৪ শ ২২ নাগরিক (বিদেশী) ঢাকা ছাড়ছেন। এরমধ্যে উল্লেখযোগ্য অংশই বাংলাদেশ ত্যাগ করেছেন। বিপুল সংখ্যক বিদেশি নাগরিকের ঢাকা ছাড়ার প্রক্রিয়ায় দূতাবাসগুলো ফ্লাইট অ্যারেঞ্জ করেছে, নাগরিকদের প্রত্যেককে টিকেটসহ অন্যান্য ব্যয় বহন করেছেন আর পররাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকার সর্বোতভাবে তাদেন প্রত্যবাসনে সহায়তা দিয়েছে বা দিচ্ছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে পড়া ১৭৯৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনার প্রক্রিয়াও সর্বাত্মক সহায়তা দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে ডিসেম্বর ২০১৯ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় কি কি পদক্ষেপ নিয়েছে সেই সংক্রান্ত এক বিবৃতিতে এ তথ্য স্থান পেয়েছে। বৃহস্পতিবার
গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে জানানো হয়, বিশেষ ব্যবস্থায় যে ৪ হাজার ৪২২ বিদেশি নাগরিক ঢাকা ছেড়েছেন বা ছাড়ছেন তাদের মধ্যে ভুটান, মালয়েশিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, রাশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, তুরস্ক প্রভৃতি দেশের নাগরিকরা রয়েছেন। এদিকে বিদেশ থেকে ফিরেছেন বা ফেরানোর প্রক্রিয়া চলছে এমন প্রায় ১৮০০ বাংলাদেশি নাগরিক চীন, ভারত, নেপাল, ওমান, থাইল্যান্ড, সৌদি আরব, শ্রীলঙ্কা ইত্যাদি দেশে আটকা ছিলেন। বিবৃতি বা সংবাদ বিজ্ঞপ্তি মতে, করোনাকালে প্রবাসীদের সহায়তায় বিদেশস্থ বাংলাদেশের বিভিন্ন মিশন ‘চিকিৎসক পুল’ গঠন এবং সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা
হটলাইন রাখা ছাড়াও খাদ্য সংকটে থাকা প্রবাসীদের খাদ্য সহায়তা দিচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- বাংলাদেশে থাকা অবশিষ্ট বিদেশি নাগরিকদের সব ধরনের সহযোগিতা এবং একইভাবে বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের সহায়তা নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। করোনা ইস্যুতে মন্ত্রণালয়ে একটি সমন্বয় সেল গঠনসহ কোভিড-১৯ বিষয়ে বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলোর মাধ্যমে বিশ্ব পরিস্থিতির নিয়মিত আপডেট নিচ্ছে ঢাকা।
