রামুর দিদার বলি চট্টগ্রাম নগরীর সিআরবিতে অনুষ্ঠিত সাহাবউদ্দিনের বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন ।
গত বারের জব্বারের বলি খেলা ও সাহাব উদ্দিনের বলি খেলার চ্যাম্পিয়ন উখিয়ার শামছু বলিকে মাত্র ২ মিনিটের মধ্যে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করল চিরচেনা দিদার বলি।
পহেলা বৈশাখ উপলক্ষে শুক্রবার সিআরবির সাতরাস্তার মোড়ে পাশে খোলা মাঠে আয়োজন করা হয় চট্টগ্রামের জনপ্রিয় এই বলি খেলা।এতে প্রায় ৫০ জন বলি অংশ নেন। বড়দের সাথে বলি খেলায় মেতে উঠেছেন শিশু-কিশোররাও। অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন উপস্থিত হয়ে প্রধান অতিথির আসন গ্রহণ করার পর সরাসরি ফাইনাল খেলায় মুখোমুখি হন দিদার বলি ও শামছু বলি।
২ মিনিটের মধ্যে প্রতিদ্বন্দ্বী উখিয়ার শামছু বলিকে কুপোকাত করে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের রামু উপজেলার দিদার বলি।
বিজয়ী হওয়ার পর দিদার বলির হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ১৫ হাজার টাকা ও শামছু বলির হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই ঐতিহ্যবাহী খেলা মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে দেখতে আসে।সফল ভাবে এই খেলা সম্পন্ন করার জন্য আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন এই দেশে সন্ত্রাস, জঙ্গীদের কোন ঠাঁই নাই, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এইভাবে অপশক্তির বিরুদ্ধে মোকাবিলা করব।
এসময় তিনি খেলার আয়োজকদের কাছে একটি কুস্তিগির একাডেমি করার আহ্বান জানান। যাতে করে শক্তিমান পেশাদার কুস্তিগির তৈরি হয় এবং দেশের বিভিন্ন এলাকার লোকজন খেলার সুযোগ পায়।এই ব্যাপারে চসিক থেকে সকল ধরনের সহযোগিতারও আশ্বাস দেন মেয়র নাছির।
