ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুল শিক্ষক নিহত হয়েছে বাগেরহাটের মোল্লাহাটে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মোল্লাহাট উপজেলার জয়ডিহি কাহালপুরে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক দুজন হলেন মোল্লাহাট উপজেলার সরোসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দুলাল (৪৫) ও একই উপজেলার সরোসপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল আলম মোল্লা (৪৩)। তাঁদের বাড়ি সরোসপুর গ্রামে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, মোল্লাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বাড়ি ফিরছিলেন দুই শিক্ষক। গোপালগঞ্জ থেকে খুলনাগামী একটি ট্রাক মহাসড়কের জয়ডিহি কাহালপুর এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
