গণপরিবহন খাতে নৈরাজ্যের কারণে সড়কে প্রতিদিন মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। রোড সেফটি ফাউন্ডেশনের মহাসচিব মোহম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, এত আন্দোলন, এত প্রতিবাদের মধ্য দিয়েও সড়ক থেকে অদক্ষ চালক যেমন সরানো যায়নি, তেমনি অবৈধ পরিবহনও বন্ধ হয়নি।
তিনি বলেন, ঈদের পর থেকে এখন পর্যন্ত যেভাবে সড়কে প্রতিদিন প্রাণহানি হচ্ছে তা আশঙ্কাজনক। মালিক কিংবা চালক সে যেই হোক প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া গেলে বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে অদক্ষ চালকদের দক্ষ করে গড়ে তুলতে হবে। অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে হবে। সড়কে চাঁদাবাজি বন্ধ করতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে লাইসেন্স ছাড়া কোনো চালক সড়কে গাড়ি চালাতে সাহস পেতো না এবং কোনো ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে পারতো না। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর চাঁদাবাজি বন্ধ করা না গেলে পরিবহন খাতে নৈরাজ্য দূর করা যাবে না বলেও মন্তব্য করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।
