স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য বিবিসিকে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে। উত্তর পশ্চিম নাইজেরিয়ার একটি বোর্ডিং স্কুল থেকে অপহৃত কয়েক’শ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার ক্যাটসিনা রাজ্যের কানকারা এলাকায় গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামের ওই বিদ্যালয়ে অতর্কিতে হামলা চালায় কয়েকজন বন্দুকধারী। নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম এ হামলার দায় স্বীকার করে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ক্যাটসিনা রাজ্যের গভর্নরের একজন মুখপাত্র আবদুল লাবরান বলেছেন, ৩৪৪ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা সবাই সুস্থ আছেন। উদ্ধারকৃত শিক্ষার্থীদের ক্যাটসিনা সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং শীঘ্রই তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে। এ হামলার দায় স্বীকার করে ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম একটি ভিডিও প্রকাশ করে যাতে কিছু ছেলেকে দেখা গিয়েছিল।
তিনি আরো বলেন, যে বোকো হারামের প্রকাশিত ভিডিও ক্লিপটি আসল ছিল, কিন্তু দলটির নেতা আবুবকর শেকাউয়ের প্রতীকী বার্তাটি একটি কোন ছদ্মবেশী দ্বারা করানো হয়েছিল বলে মনে করা হচ্ছে।
তবে স্থানীয় কর্তৃপক্ষ অপহৃতদের যে সংখ্যা বা হিসাব দিয়েছিল তা স্থানীয়দের দেয়া সংখ্যার তুলনায় অনেক কম ছিলো। তাই এখনো সবাই নিরাপদ কিনা সে বিষয়টি এখনো অস্পষ্ট।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে গভর্নর আমিনু বেলো মাসারী বলেন, ‘আমরা বেশিরভাগ শিক্ষার্থীকে উদ্ধার করেছি’। তবে এএফপি সংবাদ সংস্থার একটি বিশ্বস্ত সূত্র বলছে বন্দীদের মধ্যে কয়েকজন এখনো দুর্বৃত্তদের কাছে জিম্মি রয়েছে। এদিকে মুখপাত্র লারবান বলেন, অপহৃত শিক্ষর্থীদের মধ্যে কেউ মারা যায়নি। আর কিভাবে এই শিক্ষার্থীদের মুক্তি দেয়া হয়েছে এই বিষয়টি ও এখনো স্পষ্ট নয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, গত শুক্রবার রাতে ক্যাটসিনা রাজ্যের কানকারা এলাকায় গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামের ওই বিদ্যালয়ে অতর্কিতে হামলা চালায় মোটরসাইকেল আরোহী কয়েকজন বন্দুকধারী। এ সময় ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধকালে বিদ্যালয়টির আট শতাধিক শিক্ষার্থীর প্রায় অর্ধেক হোস্টেল ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ তারা। বিদ্যালয়ে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও ইউনিসেফ।
