আদালত বান্ধবীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী ছাত্রলীগ কর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সোমবার দুপুরে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক সেলিম রেজা এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামির নাম মাহফুজুর রহমান সারদ (২২)। তিনি রাবির অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রাবি ছাত্রলীগের সক্রিয় কর্মীও তিনি। ঢাকার সাভারে তার বাড়ি। একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে তার নামে মামলা হয় গত ২৫ জানুয়ারি।
ভুক্তভোগী ছাত্রী নিজেই মামলা করেছেন। নগরীর মতিহার থানায় করা এ মামলায় সহযোগী হিসেবে সারদের চার বন্ধুকেও আসামি করা হয়েছে। মামলার সব আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য চার আসামি হলেন- রাফসান, প্লাবন তালুকদার, জীবন ও জয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গত ২৪ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বেড়াতে যাওয়ার কথা বলে রাবির ওই ছাত্রীকে ক্যাম্পাস সংলগ্ন কাজলা সাঁকোপাড়া এলাকায় মাহফুজুর রহমান সারদ তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। পূর্ব পরিকল্পিতভাবে সারদ তার সহযোগীদের দিয়ে ধর্ষণের ভিডিও ধারণ করে। ধর্ষণের ঘটনাটি লোকলজ্জার ভয়ে চেপে যান ওই ছাত্রী। তবে পরে ওই ভিডিও দেখিয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়। এ কারণে পরিবারকে বিষয়টি জানিয়ে থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রী। এরপর সেদিনই প্লাবন ও রাফসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত সারদকেও। রবিবার জীবন ও জয়কে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, গ্রেপ্তারের পর জয় ও জীবন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাই তাদের রিমান্ডে নেয়ার প্রয়োজন হয়নি। তবে স্বীকারোক্তি না দেয়ায় প্রধান আসামিসহ অন্য তিনজনের তিন দিন করে রিমান্ডের আবেদন করা হয়। এদের মধ্যে শুধু প্রধান আসামিরই দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
