নবাব উদ্দিন অবসর নিয়েছেন বৃটেনের প্রাচীনতম বাংলা সাপ্তাহিক ‘জনমত’-এর সম্পাদক । তিনি তার পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ৩০ বছর ধরে জনমতের সঙ্গে ছিলেন তিনি। এর মধ্যে ২২ বছর তিনি পত্রিকাটির সম্পাদনার গুরু দায়িত্ব পালন করেছেন। ২রা ফেব্রুয়ারী পূর্ব লন্ডনে এক অনুষ্ঠানে নবাব উদ্দিন জনমত ছাড়ার ঘোষণা দেন। বাংলা মিডিয়ায় নবাব উদ্দিনের কর্মময় জীবন বিষয়ে ৭১ জন লেখকের লেখা নিয়ে প্রকাশিত গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ছিল সেদিন। অনুষ্ঠানে ‘দীপ্ত পথচলা’ নামে সাংবাদিক সাঈম চৌধুরী সম্পাদিত নবাব উদ্দিনের জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত গ্রন্থসহ তার নিজের লেখা ‘ যেতে যেতে পথে’ এবং ‘এ রেসিস্ট মার্ডার অব আলতাব আলী’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রবীণ সাংবাদিক ও প্রখ্যাত লেখক আব্দুল গাফফার চৌধুরী। উপস্থিত ছিলেন- কমিউনিটির বিভিন্ন সেক্টরের ২১ জন সফল ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশ নেনÑ বেসরকারি দাতব্য সংস্থা আপাসেন এর প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ ওবিই, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরী, চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল প্রমূখ। সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী নবাব উদ্দিন প্রসঙ্গে বলেন, আমাদের নবাব হচ্ছেন জনগনের নবাব। তিনি জীবনে যা করতে চেয়েছে তা-ই করেছে। নাটক, খেলাধূলা, জনমতের মতো পত্রিকার সম্পাদনা, চ্যারিটির কাজ, সন্তানদের মানুষ করা- সবই সফলতার সঙ্গে করেছে। নবাব উদ্দিনের মসজিদে নামাজ পড়া এবং চাঁদা দিতে মানুষকে উৎসাহিত করার জন্য অনেকে তার সম্পর্কে আমার কাছে বলে সে না-কী জামাতী হয়ে গেছে। কিন্তু এটা আমি বিশ্বাস করি না। যে নাটক করে, বাংলা সংস্কৃতি ভালোবাসে সে কোনদিন জামাত করতে পারে না। মুসলমান হিসাবে নামাজ আমরা সবাই পড়ি।
