যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগ বাড়িয়ে ভারত-চীন উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন । এবার সতর্কভাবে পা ফেললেন তিনি। জানালেন, ভারত-চীন সীমান্ত বিবাদের সমাধানে সাহায্য করার চেষ্টা করবে ওয়াশিংটন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যার পরে ওকলাহোমার নির্বাচনী সভায় যাওয়ার আগে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কোনও পক্ষ নেননি ট্রাম্প। তিনি বলেন, ‘এটা খুবই কঠিন পরিস্থিতি। আমরা ভারতের সঙ্গে কথা বলছি। আমরা চীনের সঙ্গে কথা বলছি। ওদের ওখানে বড়সড় সমস্যা হয়েছে। ওরা সংঘাতে জড়িয়েছে।

আমরা দেখব, এরপরে কী হয়। আমরা ওদের সাহায্য করার চেষ্টা করব।’

সীমান্ত উত্তেজনা নিয়ে গত ২৭ মে ভারত-চীনকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এক টুইটবার্তায় তিনি বলেছিলেন, ‘আমরা ভারত ও চীন উভয়কেই জানিয়েছি যে তাদের সাম্প্রতিক সীমান্ত বিতর্ক নিয়ে মধ্যস্থতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি, ইচ্ছুক এবং সক্ষম।’ এমনকি ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে আলোচনাও করেছেন বলে দাবি করেছিলেন ট্রাম্প। সেই দাবি উড়িয়ে দিয়েছিল নয়াদিল্লি। পরে ২ জুন অবশ্য সীমান্ত উত্তেজনা নিয়ে দুই রাষ্ট্রনেতার কথা হয়েছিল। যদিও মধ্যস্থতার প্রস্তাব গ্রহণ করেনি নয়াদিল্লি এবং বেইজিং।

এরইমধ্যে গালওয়ান সংঘর্ষের পর থেকে চীনের তুলোধুনো করে ভারতের পাশে দাঁড়িয়েছে ট্রাম্প প্রশাসন। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তো রীতিমতো চাঁচাছোলা ভাষায় চীনকে আক্রমণ করেছেন। যদিও ট্রাম্প নিজে কোনও পক্ষ নেওয়ার পথে হাঁটলেন না।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031