শিশুদের দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি শিশু-কিশোরদের প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, আজকের শিশু-কিশোররাই হবে জাতির ভবিষ্যৎ কর্ণধার। তার শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। তবেই দেশের জন্য কাজ করার মানসিকতা গড়ে উঠবে।
স্কাউটদের উদ্দেশ্যে তিনি বলেন, স্কাউট কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে। স্কাউট শতাব্দী ভবন নির্মাণ ও স্কাউটিং সম্প্রসারণের জন্য ১২২ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট বছর পর আজ চাঁদপুর সফরে গিয়েছেন। সকাল ১১টার দিকে হেলিকপ্টারযোগে তিনি হাইমচরে পৌঁছান তিনি। এরপর এই অনুষ্ঠানে যোগ দেন তিনি। এছাড়াও আজ বিকেলে প্রধানমন্ত্রী যোগ দেবেন চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। চাঁদপুর সফরকালে তিনি ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
