ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বর্তমানে বাংলাদেশে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন । আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যফ্রন্ট আয়োজিত ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
ড. কামাল হোসেন বলেন, নারী ধর্ষণ মহামারী আকার ধারণ করবে- এটা কল্পনা করা যায় না। প্রতিদিন পত্রিকা খুললে পত্রিকার প্রতিটি পাতায় আমরা যে তথ্য পাচ্ছি এতে বুঝা যায় শুধু ঢাকা শহর না, প্রত্যেকটি জেলা শহরেই নারী ধর্ষণের ঘটনা ঘটছে। বোঝা যায়, এদেশে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। এসব ঘটছে দেশের আইনশৃঙ্খলা অবস্থার ঘাটতি থাকার কারণে।
তিনি বলেন, আমাদের দেশে আইনশৃঙ্খলা বাহিনীর যে একটা ঘাটতি দেখা যাচ্ছে, সেই ঘাটতি দেশের মানুষের জন্য এবং আমাদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
গণফোরাম সভাপতি বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করি। সংবিধানে বলা আছে এদেশে বহুদলীয় গণতন্ত্র থাকবে। জনগণের মতামত থাকবে।
