‘বাংলাদেশ জাতীয় প্রবীণ মঞ্চ’ গঠন করা হয়েছে বাংলাদেশ সরকারের প্রবীণ নীতিমালা বাস্তবায়নে সহায়ক হিসেবে কাজ করার উদ্দেশ্যে প্রবীণদের নিয়ে কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সমন্বয়ে।

প্রস্তাবিত পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রয়েছেন।

সোমবার পিকেএসএফ মিলনায়তনে এই মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব জনাব ফয়েজ আহম্মদ।

পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)-এর উদ্যোগে গঠিত এই মঞ্চ প্রবীণদের জন্য প্রদেয় বিভিন্ন পরিষেবাকে আরো সমন্বিত ও ফলপ্রসুভাবে প্রদানের মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অগ্রগতিকে টেকসইকরণের পাশাপাশি একটি প্রবীণবান্ধব সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাপ্রকাশ করেছেন বক্তারা।

প্রবীণদের প্রজ্ঞা থেকে আজকের তরুণরা ভবিষ্যতের দিকনির্দেশনা পেতে পারেন মন্তব্য করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশের চলমান উন্নয়নের ধারায় অবশ্যই প্রবীণদের অন্তর্ভুক্ত করতে হবে, নইলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

দেশে প্রবীণ জনগোষ্ঠির কল্যাণে ‘প্রবীণ উন্নয়ন ফাউণ্ডেশন’ গঠনের লক্ষ্যে প্রণীত আইনের খসড়াটি মন্ত্রণালয়ে রয়েছে, যা দ্রুত চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আদলে প্রবীণ বিষয়ক একটি পৃথক মন্ত্রণালয় গঠন করা যেতে পারে বলেও মন্তব্য করেন জনাব রাশেদ খান মেনন।

বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছরে পৌঁছেছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মদ বলেন, ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠির সার্বিক কল্যাণ নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ।

সামাজিক কর্মকাণ্ডে প্রবীণদের সম্পৃক্ত করলে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য থাকেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি পায় মন্তব্য করে তিনি বলেন, নবগঠিত এই প্ল্যাটফর্মটি এই লক্ষ্যে নবতর কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে একটি প্রবীণবান্ধব সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় প্রবীণ জনগোষ্ঠিসহ সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করা আবিশ্যিক।

এসময় তিনি বাংলাদেশ জাতীয় প্রবীণ মঞ্চের উপদেষ্টা কমিটি, কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পর্ষদ ঘোষণা করেন। প্রস্তাবিত পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণ মন্ত্রী  রাশেদ খান মেনন, অর্থ প্রতিমন্ত্রী  এম এ মান্নান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. নাসরীন আহমাদ।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930