বাংলাদেশ সরকারের ওপর রোহিঙ্গা শরণার্থীদের কবে থেকে মিয়ানমারে ফিরিয়ে নেয়া হবে তা নির্ভর করছে। জাপানের নিকি এশিয়ান রিভিউ পত্রিকাকে গত বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি। তিনি আরও জানান, কিছু শরণার্থীকে ফেরত আনার জন্য যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করতে তিনি প্রস্তুত। যেকোনো সময় এই প্রক্রিয়া শুরু হতে পারে।

সু চি বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশে শরণার্থীদের পালিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।

সু চি উদ্বেগ প্রকাশ করে বলেন, রাখাইনের সংকট মিয়ানমারের অর্থনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। মিয়ানমার সরকার অর্থনৈতিক সংস্কারে পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে জোর দিচ্ছে। দারিদ্র্য দূর করতে এ ধরনের আর্থিক সংস্কার প্রয়োজন। দারিদ্র্যের কারণেই চরমপন্থার সৃষ্টি হয়।

রোহিঙ্গা ইস্যুতে জাতির উদ্দেশে বক্তব্য দেওয়ার এক দিন পরেই জাপানের পত্রিকায় এই সাক্ষাৎকার দিলেন সু চি। ওই বক্তব্যে সু চি রোহিঙ্গা ইস্যুতে তার ভূমিকায় আন্তর্জাতিক সমালোচনার প্রসঙ্গে কথা বলেন।

রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘ সময় নীরব থাকার পর টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন সু চি। তাতেও তিনি মিথ্যাচার করেন বলে অভিযোগ রয়েছে আন্তর্জাতিক মহলে।

জাতিসংঘসহ বিশ্বনেতারা সু চির বিরুদ্ধে জাতিগত নির্মূলীকরণে সমর্থন দেওয়ার অভিযোগ তুলেছেন। সমালোচকেরা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান বন্ধে সু চি ইচ্ছুক নন।

এসব সমালোচনা প্রসঙ্গে সু চি বলেন, কোনো কিছুই অবাক করার মতো নয়। কারণ, অন্য সব মতামতের মতো বিশ্ব মতামতও বদলায়।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সু চি দাবি করেন, ৫ সেপ্টেম্বরের পর থেকে রাখাইনে আর কোনো অভিযান হয়নি। এরপরও রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আসার ব্যাপারে জানতে চাইলে সু চি বলেন, এত বিপুল রোহিঙ্গা শরণার্থী কেন আসছে, তার কারণ খোঁজার চেষ্টা করছে মিয়ানমার সরকার।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031