বাস ও ট্রাকের সংঘর্ষে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন বগুড়ার শেরপুরে । এতে আহত হয়েছেন অন্তত আরও চার জন। মঙ্গলবার সকালে উপজেলার হামছায়াপুর শেরুয়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজমিস্ত্রী মোশারফ হোসেন(৪৫) ও তার ভাই আবু হানিফ(৩৫)। তারা নওঁগা জেলার পত্নীতলা উপজেলার শীতলবাজার এলাকার মৃত সোলেমান হোসেনের ছেলে। আহতরা একই উপজেলার আকমল, পলাশ, আশিকুর রহমান ও এরশাদ।
বাসের যাত্রী রাশেদুল হাসান জানান, বাসে ৪৮ জন যাত্রী ছিলেন। তারা সকলেই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাজমিস্ত্রী হিসাবে কাজ করেন। তবে সোমবার রাত ৯টার দিকে নওগাঁয় ধান কাটার কাজ করতে রাঙ্গুনিয়ার হাসানি বাজার থেকে এ বাসে রওনা দেন তারা। লকডাউন চলাকালে যেন সমস্যা না হয় সেজন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে ধান কাটার কাজের জন্য অনুমতিও নেন বলে জানান এ শ্রমিক।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রতন হোসেন জানান, নওগাঁগামী ওই বাস মহাসড়কে উঠার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশারফ হোসেন মারা যায়। আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু হানিফের মৃত্যু হয়।
