বিএনপির এমপিরা ভয়াবহ করোনা ভাইরাসের কারণে জাতীয় সংসদের আগামী বিশেষ অধিবেশন স্থগিতের দাবি জানিয়েছেন । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২২ ও ২৩শে মার্চ জাতীয় সংসদে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিশেষ অধিবেশন স্থগিতের বিষয় আহ্বান জানাতে আজ শুক্রবার সংসদ সচিবালয়ে যান সংসদ সদস্য হারুনুর রশিদ। যদিও এদিন বন্ধের দিন থাকায় তিনি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। জানতে চাইলে এমপি হারুনুর রশিদ বলেন, বাংলাদেশসহ গোটা বিশ্বে করোনাভাইরাস আতঙ্কের মধ্যে রয়েছে মানুষ। ইতোমধ্যে প্রাণঘাতী এ ভাইরাস বাংলাদেশে একজনের প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্ত হয়েছে আরও অনেকে। সার্বিক দিক বিবেচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে বিশেষ অধিবেশনটি হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিতের বিষয়ে কথা বলার জন্য আমি আজকে মাননীয় স্পিকারের কাছে এসেছিলাম। যদিও উনার সাথে আমার দেখা হয়নি।
