আইনমন্ত্রী আনিসুল হক বিএনপি না বুঝেই সরকারের করা আইনকে কালো আইন মনে করে বলে মন্তব্য করেছেন । বিএনপি নেতাদের আইন পড়ে-বুঝে তারপর মন্তব্য করতে বলেছেন তিনি।
শনিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক একথা বলেন।
বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানে জাতীয় সংসদে যে আইনটি পাস হয়েছে, সেটিকে ‘কালো আইন’ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ বিষয়ে এক প্রশ্নে আইনমন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘তারা আইন বুঝুক আর না বুঝুক, আমরা যাই করি, সেটাই তাদের কাছে কালো আইন মনে হয়। আমি তাদের বলব এই আইন পড়তে, বুঝতে। তারপর যেন তারা মন্তব্য করে।’
এর আগে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আন্তনগর মহানগর প্রভাতী ট্রেনে আখাউড়ায় আসেন আইনমন্ত্রী।
এসময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
