বিশ্বব্যাপী ৫১তম বারের মতো পালিত হবে দিবসটি পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে বিশ্ব মান দিবস (World Standards Day)। ‘প্রোটেক্টিং দ্য প্লানেট উইথ স্ট্যান্ডার্ডস’ বা ‘পৃথিবী সুরক্ষায় মান’ প্রতিপাদ্য নিয়ে । দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম পৃথক পৃথক বাণী দিয়েছেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মান সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও), ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিকাল কমিশন (আইইসি) এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর প্রধানগণও বাণী দিয়েছেন বলেও জানিয়েছে বিএসটিআই।
দিবসটি উপলক্ষে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে বিশেষ সাক্ষাতকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান সম্প্রচার এবং বাংলাদেশ বেতারে আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড লাগানো হয়েছে।
বিএসটিআই জানিয়েছে, বুধবার সকাল ১১টায় তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব কে এম আলী আজম ও এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই’র মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার।
