জায়গা পেয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নতুন কমিটিতে অধিকাংশ পদেই আগের নেতারা । তবে দলের গুরুত্বপূর্ণ পদ প্রেসিডিয়ামে নতুন তিনজন যুক্ত হয়ে পদের সংখ্যা দাঁড়িয়েছে ১৭। এর মধ্যে বৃহত্তর ফরিদপুরের দাপট লক্ষ করা গেছে। নতুন দুজনসহ আওয়ামী লীগের প্রেডিসিয়ামে এই অঞ্চলের নেতার সংখ্যা এখন ছয়।
শনিবার দলটির ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মোট ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৪৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রেসিডিয়ামে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া তিনজনের মধ্যে ফরিদপুর অঞ্চলের দুই নেতা হলেন- গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি (ফরিদপুর-১) আবদুর রহমান এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য (মাদারীপুর-২) শাজাহান খান।
এছাড়া, গত কমিটির পর এবারও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের যারা জায়গা পেয়েছেন তারা হলেন- সাজেদা চৌধুরী (ফরিদপুর-২), কাজী জাফরউল্লাহ (ফরিদপুর-৪), শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ-২), কর্নেল (অব.) ফারুক খান (গোপালগঞ্জ-১)।
এছাড়া দেশের অন্যান্য এলাকা থেকে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী প্রেসিডিয়াম সদস্য হয়েছেন ১১ জন। নতুন করে জায়গা পাওয়া দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ছাড়া বাকিরা হলেন- মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ ভট্টাচার্য, আবদুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান খান ও আবদুল মতিন খসরু।
