৫৬ টন ওজনের একটি ব্রিজ উধাও রাতারাতি ! এনিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে রাশিয়ার আর্কটিক অঞ্চলে। ডেইলি মেইলের এক খবরে জানানো হয়েছে, ব্রিজ চুরির কিনারা করতে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।
জানা গেছে, রাশিয়ার মুর্মানস্ক অঞ্চলের উম্বা নদীর উপর তৈরি এই ব্রিজটির মাঝের ৭৫ লম্বা অংশ সম্প্রতি ভেঙে নেওয়া হয়েছে।
গত মে মাসে ব্রিজ চুরির ঘটনা প্রথম নজরে আসে। এরপরই সেটি প্রকাশিত হয় ভিকে নামের রাশিয়ার একটি ওয়েবপোর্টালে। ১৬মে সেই ছবি শেয়ার হয় ভিকের পেজে। সেখানে দেখা যাচ্ছে, সেতুর বেশ বড় একটা অংশ জলের নীচে।
দিন দশেক পরে ভিকে সার্ভে করে আরও ছবি প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে, ব্রিজটা যেন ধুয়েমুছে সাফ! নদীর জলের নীচে পড়ে থাকা ভাঙা অংশগুলোরও আর কোনো চিহ্ন নেই!
ব্রিজের এরিয়াল ছবি পোস্ট করে ক্যাপশনে ভিকে লিখেছে, ‘কীভাবে অসম্ভভ সম্ভব হল জানা নেই। জলের নীচে পড়ে থাকা ব্রিজের ভাঙা অংশগুলোও নেই। কোনো প্রাকৃতিক বিপর্যয় এই ধরনের অঘটন ঘটাতে পারে না।’
স্থানীয়দের মতে, সম্ভবত প্রথমে ব্রিজটিকে নামিয়ে আনা হয়েছে। তারপর চুরি করেছে চোরেরা। বিষয়টি তারা জানিয়েছেন কিরোভস্ক থানায়।
ইন্ডিপেনডেন্ট পত্রিকার দাবি, কিরোভস্ক প্রশাসন ইতিমধ্যেই তদন্তে নেমেছে। প্রাথমিক তদন্তে অনুমান, সম্ভবত ব্রিজের পুরনো লোহা বিক্রির উদ্দেশ্য চুরি করা হয়েছে ব্রিজটিকে। তবে কারা, কীভাবে এত ভারী ব্রিজ চুরি করল, এখনও জানা যায়নি।
