বৃটেনের পাসপোর্ট ব্রেক্সিটের পরে শক্তিশালী হয়েছে । এমনটাই দেখা গেছে ২০২১ সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে। প্রতিবছরই তারা বিশ্বের কোন দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করে। এবার এ তালিকায় গত বছরের তুলনায় একধাপ এগিয়ে ৭ম স্থানে উঠে এসেছে বৃটেন। এরমধ্য দিয়ে পাসপোর্টের শক্তির বিবেচনায় যুক্তরাষ্ট্রকে ধরে ফেললো দেশটি। এ খবর দিয়েছে দ্য সান।
এতে বলা হয়েছে, ব্রেক্সিট কার্যকর হলেও বৃটিশ নাগরিকরা ইইউভুক্ত রাষ্ট্রগুলোতে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাচ্ছে। ফলে এ চুক্তির কারণে এ ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয়নি দেশটির। নিউজিল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মতো বৃটেনের নাগরিকরাও ভিসা ছাড়া ১৮৫টি দেশে ভ্রমণ করতে পারেন।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর মধ্যে সবার থেকে পেছনে রয়েছে ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া। দেশ দুটির নাগরিকরা ১৭১টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পেয়ে থাকেন। এ বছর তালিকায় সবার শেষে ছিল তালেবানের হামলায় বিধ্বস্ত আফগানিস্তান। মাত্র ২৬ দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পান দেশটির নাগরিকরা। তালিকায় ১০১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ৪১টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান বাংলাদেশিরা।
